খাগড়াছড়ির রামগড়ে পানিতে ডুবে মোহাম্মদ নুর নবী (১০) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১ নম্বর ইউনিয়নের দক্ষিণ লামকু পাড়ার কালাডেবার স্লুইচ গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর নবী ওই এলাকার মো. লিটনের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে স্লুইচ গেটের খালে গোসল করতে নামে নুর নবী। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গেলে তার বন্ধুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করে।
দুপুর ১২টা ৫৪ মিনিটে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুর নবীকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নুর উদ্দীন বলেন, “এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

-পার্বত্য সময়