পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখাতে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও স্মার্ট হয়ে দেশের মূল স্রোতধারায় যুক্ত হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনাম অর্জন করবে।
শনিবার (২৩ আগস্ট) খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের নবনির্মিত মূল ফটক উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুপ্রদীপ চাকমা জানান, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে পার্বত্য অঞ্চলে স্টারলিংক প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সহজেই কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে গণিত, ইংরেজি ও বিজ্ঞানের ওপর বিশেষ জোর দেওয়া হবে। এসব বিষয়ে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষক নিয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান, সহকারী একান্ত সচিব শুভাশীষ চাকমা, পুলিশ সুপার আরেফিন জুয়েল, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
জেলা পরিষদের বাস্তবায়নে ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ দৃষ্টিনন্দন মূল ফটকটির কাজ তত্ত্বাবধান করেছেন নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান।

-পার্বত্য সময়