খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে পাহাড়-সমতল নির্বিশেষে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কূটনীতিক সুপ্রদীপ চাকমা।
রোববার (৩ আগস্ট) খাগড়াছড়ি সদরের যাদুরামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের কৃষকদের মাঝে বিতরণ করা হয় ১৬টি পাওয়ার টিলার, ৭টি করে ১২ এইচপি ও ৪ এইচপি পাওয়ার পাম্প। যন্ত্রপাতিগুলো বিতরণ করা হয় বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে বাস্তবায়িত “জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলধারা ব্যবস্থাপনা প্রকল্প” (CRLIWM) এর আওতায়।
তিনি বলেছেন, “এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব ও প্রতিশ্রুতির প্রকাশ। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোথাও খাদ্যঘাটতির স্থান থাকবে না।”
সুপ্রদীপ চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। এখানে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে হবে প্রতিটি পাহাড়ি জনপদে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলছড়ি ক্লাস্টার ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পাক্রই মারমা। আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, প্রকল্প পরিচালক পবন কুমার চাকমা এবং জেলা পরিষদের নির্বাহী পরিচালক মো. আব্দুল্লাহ আল মাহফুজ।
-পার্বত্য সময়


