রাঙামাটি রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা জমজমাটভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) ভোরে বাঙ্গালহালিয়া হাই স্কুল মাঠে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। মেলার শুরুতেই সূর্য দেবের উদ্দেশ্যে পূজা-অর্চনা করা হয়, যাতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
মেলায় নানা রকমের আকর্ষণীয় সামগ্রীর পসরা সাজানো হয়। বাহারি মিষ্টি, খেলনা, প্রসাধনী সামগ্রী, কৃষি সরঞ্জাম যেমন দা-বটি, কুঠার, কাঠের জিনিসপত্র, বাঁশ ও বেতের হস্তশিল্প, শাকসবজি এবং ফলমূলের দোকান মেলাকে করে তুলেছে বর্ণিল। এছাড়াও, শিশুদের জন্য পুতুল নাচ ও নাগরদোলার মতো বিনোদনের ব্যবস্থা ছিল, যা মেলায় উৎসবের আমেজ যোগ করে।
মেলা আয়োজক কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী জানান, মেলা সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে। তিনি প্রশাসনের সহযোগিতার কথাও উল্লেখ করেন।
বাঙালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান মেলার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, বাংলা মাঘ মাসের শুক্লা তিথিতে সূর্য দেবের পূজা উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে এই মেলা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পরিচিত। এবারও মেলায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের নারী-পুরুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
-পার্বত্য সময়


