পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, “আমরা পার্বত্য চট্টগ্রামের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই। কৃষিতে বিপ্লব, নারীদের আত্মকর্মসংস্থান এবং সকল জাতিগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

শুক্রবার (৪ এপ্রিল) রাঙামাটি সার্কিট হাউসে জেলার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “সরকার সার্বিক উন্নয়ন ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে চায়। এজন্য নিজেকে আগে জানতে হবে, নিজের ভুল-ত্রুটি সংশোধন করে সত্যের পথে চলতে হবে। গুজব কিংবা অপরের কথায় কান না দিয়ে সত্য ও ইতিবাচক চিন্তার পথে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালি—সব জাতিগোষ্ঠীই পার্বত্য চট্টগ্রামের অধিবাসী, তাই সরকারের অনুদান ও সহযোগিতার অধিকার সবার রয়েছে। এ সহায়তা একটি চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে সবাই এর সুফল পাবেন।”

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে সুপ্রদীপ চাকমা বলেন, “পার্বত্য অঞ্চলের নারীদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা স্বনির্ভর হতে পারে।”

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারত সরকার প্রধান নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা ইতিবাচক হবে বলে আমরা আশাবাদী।”

ছাত্র প্রতিনিধি মিনহাজ মুরশিদের নেতৃত্বে রাঙামাটি জেলা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান রোমান, মো. ইমাম হোছাইন ইমু, রায়হান চৌধুরী শুভ, তানেইম ইবনে আলম, সায়েদা ইসলাম সাদিয়া, মারুফ আলম সেজান ও এম. আকতারুজ্জামান অপু প্রমুখ।
 

--পার্বত্য সময়