রাঙামাটির বিলাইছড়ির আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন দুর্গম মাইনদারছড়া মুখ পাড়া থেকে গুরুতর অসুস্থ এক নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ৬০ বছর বয়সী সিনাবি তঞ্চঙ্গা দ্রুত চিকিৎসার জন্য এয়ারলিফট করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনী জানায়, এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমও চালানো হচ্ছে। ওই চিকিৎসা কার্যক্রমে অংশ নিতে এসে কিডনি ও পেটের জটিলতায় দুর্বল হয়ে পড়া জুম চাষি সাগা তংচংগার স্ত্রী সিনাবি তংচংগার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে শনাক্ত করেন উপস্থিত সেনা চিকিৎসকরা।
দুর্গম পাহাড়ি এলাকায় উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব নয় বিবেচনায় ডিভিশন সদর থেকে তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সেনাবাহিনী আরও জানায়, চলমান অভিযান সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হলেও তা প্রান্তিক পাহাড়ি জনগণের বিরুদ্ধে নয়। পাহাড়ের প্রতিটি মানুষের নিরাপত্তা, সেবা ও শান্তি নিশ্চিত করতে সামরিক অভিযান এবং মানবিক কার্যক্রম একযোগে চলবে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।


