বান্দরবানের রোয়াংছড়িতে নিজ ঘরে থাকা এক বিধবা মহিলাকে রাতে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে রুপম কান্তি তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আলেক্ষ্যং ইউনিয়নের নাতিং ঝিরি পূর্ণবাসন পাড়ায় এ ঘটনা ঘটে। গ্রামবাসীর তৎপরতায় অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করা হয়।
স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে ভিকটিমের স্বামী অস্বাভাবিকভাবে মারা যাওয়ার পর থেকে ওই মহিলা শ্বাশুড়ি ও দুই সন্তানকে নিয়ে নাতিং ঝিরি এলাকায় বসবাস করছেন। একা বসবাসের এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে নিয়ে রুপম কান্তি রাতের আঁধারে ঘরে প্রবেশ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে এবং পরে পুলিশে সোপর্দ করে।
রোয়াংছড়ি থানার পুলিশ জানায়, ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গ্রেফতার রুপম কান্তিকে আদালতে পাঠানো হয়।


