‘আদিবাসী’ স্বীকৃতি প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। “আমাদের সকলের একটাই পরিচয়- আমরা বাংলাদেশী”- এই মন্তব্যকে সময়োপযোগী ও ঐক্যের বার্তা হিসেবে দেখছেন অনেকেই।
২৫ জানুয়ারি চট্টগ্রাম নগরীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় পাহাড় বিষয়ক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘পাহাড় ও সমতলে কোন বৈষম্য থাকবে না। আমাদের সকলের একটাই পরিচয় আমরা বাংলাদেশী’ শিরোনামে ভিডিওটি শেয়ার করা হয়।
ভিডিওটির কমেন্ট অপশনে নেটিজেনরা তারেক রহমানের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, সমতল ও পাহাড়- এই বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাই সমান নাগরিক; পরিচয় একটাই, বাংলাদেশি।
চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারমিতা চাকমা পাহাড় প্রসঙ্গে প্রশ্ন উত্থাপন করেন। তিনি ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের উত্তেজনা ও উদ্বেগ, নাগরিক নিরাপত্তা, রাষ্ট্রীয় অংশগ্রহণে পাহাড়ি জনগোষ্ঠীর অবস্থান, পাশাপাশি পাহাড়ি তরুণদের শিক্ষা, চিকিৎসা, সরকারি চাকরি ও দক্ষতা উন্নয়নে বিএনপির ভূমিকা সম্পর্কে জানতে চান।
উত্তরে তারেক রহমান বলেন, একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছিল দেশ স্বাধীন করার জন্য তখন কে কোন ধর্মের এটা কেউ দেখেনি। আবার কে সমতল, কে পাহাড়ের এটাও দেখেনি। একইভাবে ২০২৪ সালে যখন আন্দোলন হলো ঠিক সে সময়েও কে কোন ধর্মের কেউ দেখেনি। কে সমতলের, কে পাহাড়ের সেটা কেউ দেখেনি। সুতরাং বাংলাদেশের একজন সমতলের তরুণ যে সুবিধা পাবেন, পাহাড়ি একজন তরুণও একই সুবিধা পাবেন। আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যাবেন।
তিনি বলেন, ২০২৪ সালে আন্দোলন যখন শুরু হলো সেটা কোটাপ্রথা বাতিল দিয়েই শুরু হয়েছিল। তখন আমি বলেছিলাম, কিছু ভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির বিভিন্ন পর্যায়ে ৫ শতাংশ কোটা রেখে পুরোটা মেধার ভিত্তিতে হওয়া উচিত। সেটা সমতলের হোক কিংবা পাহাড়ের হোক।
বিএনপির চেয়ারম্যান জোর দিয়ে বলেন, ‘একজন সমতলের তরুণ প্রজন্মের সদস্য যে সুবিধা পাবেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে, পাহাড়ি অঞ্চলের তরুণও একই সুবিধা পাবেন।’
এই সংলাপে চট্টগ্রাম নগর ও আশপাশের অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেন তিনি।


