পার্বত্য জেলা পরিষদের প্রাথমিকের সহকারী শিক্ষক পদে আগামীকাল শুক্রবারের (২১ নভেম্বর) নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা পরিষদে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের অভিযোগে গতকাল বুধবার বনরূপা এলাকায় ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে হরতালের ডাক দেওয়া হয়। হরতালকে সমর্থন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, রাঙামাটি জেলা শাখা। ঘোষণা পরবর্তীই শহরে মিছিল–সমাবেশ অনুষ্ঠিত হয়।

হরতাল শুরুর পর বৃহস্পতিবার সকাল থেকেই রাঙামাটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। রাঙামাটি থেকে খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রামসহ কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। জেলার নৌপথেও লঞ্চ ও বোট চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। শহরের অভ্যন্তরে সিএনজি অটোরিকশাসহ কোনো পরিবহনই চলছে না। গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।