থানচিতে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিন (কম্প্রেসার) বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (রাত ৮টার দিকে) উপজেলা সদরের বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিস্ফোরণের তীব্রতায় ওই কিশোর প্রায় ১০০ গজ দূরে ছিটকে পড়ে।
নিহত কিশোরের নাম আবদুল কাদের (১৬)। সে সাতকানিয়া উপজেলার কালিয়াইস ইউনিয়নের মৌলভির দোকান এলাকার বাসিন্দা। আবদুল কাদের থানচি বাসস্টেশন এলাকায় একটি গাড়ির চাকায় হাওয়া দেওয়ার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানটির মালিক নুরুল আলম ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না। হঠাৎ কম্প্রেসার বিস্ফোরণে গুরুতর আহত হন আবদুল কাদের। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব দাশ বলেন, কম্প্রেসার বিস্ফোরণের কারণে আবদুল কাদের ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে ছিটকে পড়েন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


