রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকা থেকে অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের রশিদ বইসহ এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক সন্ত্রাসীর নাম সুরেশ ওরফে বিদ্যুৎ চাকমা। তিনি রাঙামাটির নানিয়ারচর উপজেলার দেওয়ানপাড়া গ্রামের হরিদাস চাকমার ছেলে।
র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সুরেশকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি অস্ত্র, দুই রাউন্ড গুলি, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, একটি মোবাইল ফোন, নগদ ২,৪৮০ টাকা এবং দুটি হিসাবের খাতা উদ্ধার করা হয়।
বাঘাইহাট জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা জানান, “আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, সাজেকের শুকনাছড়া এলাকায় পাঁচজন সশস্ত্র সন্ত্রাসী দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি করছে। এসব তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চারজন পালিয়ে গেলেও একজনকে অস্ত্রসহ আটক করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “এই সন্ত্রাসীরা পাহাড়ের নিরাপত্তা ও উন্নয়নে বাধা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আটক সন্ত্রাসীর বিরুদ্ধে সাজেক থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। তারা যৌথবাহিনীর এ ধরনের অভিযানের প্রশংসা করে, এ অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

-পার্বত্য সময়