বান্দরবানের থানচি উপজেলায় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে সাধারণ মানুষকে চাপ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-মূল) বিরুদ্ধে।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সূত্রে জানা গেছে, থানচি-বান্দরবান সড়কে চাঁদাবাজি প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদারের পরিপ্রেক্ষিতে এ ধরনের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩৮ বিজিবির টহল তৎপরতা বাড়ানোর কারণে গত কয়েক মাসে থানচি-বান্দরবান সড়ক থেকে আগের মতো চাঁদা আদায় করতে পারছে না জেএসএসের একটি অংশ। এ কারণে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন পাড়ার কারবারি ও গণ্যমান্য ব্যক্তিদের ওপর চাপ সৃষ্টি করে বিজিবির বিরুদ্ধে সাধারণ নাগরিকদের হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন আয়োজনের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, বলিপাড়া ও আশপাশের এলাকার বাঙালি বাসিন্দাদেরও মানববন্ধনে অংশ নিতে চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মসূচিতে অংশ না নিলে কয়েকজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানায়, জেএসএস (মূল) প্রতিবছর জুন-জুলাই সময়ে থানচি উপজেলা থেকে চাঁদা সংগ্রহ করে থাকে বলে অভিযোগ রয়েছে। চলতি বছর ৩৮ বিজিবির তৎপরতা বৃদ্ধির কারণে এ কার্যক্রমে বাধার সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সময়ে চাঁদা সংগ্রহের সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও সূত্রে জানা গেছে।
এছাড়া গত কয়েক মাসে বিজিবির অভিযানে জেএসএসের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালিত এবং সাফল্য পাওয়ার প্রতিক্রিয়ায় সশস্ত্র গোষ্ঠীটি এই ধরনের মানববন্ধনের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।


