সম্প্রতি খাগড়াছড়িতে সংঘটিত খুন, দোকানপাট- বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও জাতিগত সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় সাধারণ জনগোষ্ঠী আতঙ্কিত থাকায় দ্রুত সংঘাত নিরসন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতা।

শুক্রবার (৪ অক্টোবর) জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন থেকে বর্তমান অন্তর্বতীকালীন সরকার, সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ৫ দাবি পেশ করে এ শান্তিকামী জনগণ। তাদের তুলে ধরা দাবিগুলো হচ্ছে,

১) পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জাতি ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হবে।  

২) সব ধরনের বিচার বর্হিভূত হত্যা বন্ধে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩) সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে সংগঠিত সকল বিচার বর্হিভূত হত্যা, দোকানপাট, বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় ভাংচুর, অগ্নিসংযোগে জড়িত সকল দোষীদের বিরুদ্ধে সুষ্ঠ তদন্তের ভিত্তিতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে ।

৪) পার্বত্য অঞ্চলে আবহমানকাল ধরে প্রচলিত শত শত বছরের জাতিগত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকল দেশী-বিদেশী কুচক্রী মহলকে সামাজিকভাবে প্রতিহত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫) পার্বত্য অঞ্চলকে ঝুঁকিমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে এর সকল সীমান্ত এলাকায় সুরক্ষা বৃদ্ধি ও কঠোর নিরাপত্তা বলয় তৈরী করতে হবে।

এ সময় পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার পক্ষে মো. আমিনুল ইসলাম, রাকিব মনি ইফতি, মো. শাহনেওয়াজ, আরিফুর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
 

-পার্বত্য সময়