রাঙামাটির একমাত্র গোলাপি হাতিটি মারা গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুনাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় হাতিটির মৃতদেহ দেখা যায়। খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের হাতি সুরক্ষা দলের নয় সদস্য ঘটনাস্থলে পৌঁছান।
বরকলের হাতি সুরক্ষা দলের সদস্য মো. লিটন হোসেন বলেন, আমি নিজের বাগানে কাজ করছিলাম। হঠাৎ দেখি দূরে কিছু একটা ভাসছে। কাছে গিয়ে দেখি, গোলাপি হাতির দেহ। তার পেছনে আরও কয়েকটি হাতি সাঁতরে আসছে। পরে বুঝি, মৃত হাতিটির মা ও পালটি ওখানেই রয়েছে।
তিনি আরও জানান, দেহটি ফুলে গেছে, মনে হচ্ছে কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে। তবে কীভাবে মারা গেছে, তা এখনো নিশ্চিত নয়।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সুবলং রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান বলেন, মৃত হাতির দেহ ঘিরে পুরো পালটি অবস্থান নিয়েছে। তাই উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছে না। হাতিরা সরে গেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে কাপ্তাই হ্রদ সাঁতরে যাওয়া এই গোলাপি হাতিকে দেখা যায়। স্থানীয় বাসিন্দা মো. জাবেদ উদ্দীন সেই ভিডিও ধারণ করেছিলেন। বিরল রঙের এই হাতিটি তখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।


