সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ বলেছেন, পাহাড়ে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না। তিনি আরও ঘোষণা দেন- অচিরেই পার্বত্য অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী ও চাঁদাবাজ গোষ্ঠীগুলোকে চূড়ান্তভাবে নির্মূল করা হবে।

শনিবার (২৯ নভেম্বর) খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ির তারাবনছড়ায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রিজিয়ন কমান্ডার বলেন, শান্ত পাহাড়কে অস্থিতিশীল হতে দেওয়া হবে না। সেনাবাহিনী শান্তি–শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক জীবনমান উন্নয়নে স্থানীয় জনগণের পাশে আছে এবং থাকবে।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র এবং ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম, রিজিয়নের স্টাফ অফিসার কাজী মোস্তফা আরেফিন। অনুষ্ঠানে আরও অংশ নেন পানছড়ি লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, লোগাং ইউপি সদস্য মো. শাহেব আলীসহ স্থানীয় হেডম্যান ও কার্বারীরা।