ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে বান্দরবানে এক রাজনৈতিক নেত্রীর দায়ের করা মামলায় তার মেয়ে ও মেয়ের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়।

মামলার বাদী বান্দরবান জেলা মহিলা দলের এক নেত্রী। তিনি অভিযোগ করেন, গত ১৮ ডিসেম্বর তার মেয়ের স্বামী ও স্বামীর চাচাতো ভাই একটি ব্যক্তিগত ভিডিও ক্লিপ দেখিয়ে তার কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ভিডিওটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, তা তিনি জানেন না বলে এজাহারে উল্লেখ করেছেন। তবে ভিডিও দেখিয়ে অর্থ আদায়ের ঘটনায় তার মেয়ের প্ররোচনা রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বাদী আরও জানান, প্রায় তিন বছর আগে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর মেয়ের বসবাসের জন্য তিনি নিজ বাড়ির পাশে একটি ঘর নির্মাণ করে দেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই মেয়ের স্বামী তার বিরুদ্ধে কুৎসা রটাতে থাকেন। সর্বশেষ ব্যক্তিগত ভিডিও ক্লিপ দেখিয়ে অর্থ আদায়ের ঘটনাটি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা রোহিত কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ভিত্তিতে বাদীর মেয়ে ও জামাতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের ব্যবহৃত মুঠোফোন থেকে সংশ্লিষ্ট ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। মামলার আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।