রাঙামাটির রাজস্থলী উপজেলায় টেলিটক টাওয়ার নির্মাণকাজ বন্ধের হুমকির অভিযোগ উঠেছে। গত ৪ ফেব্রুয়ারি থেকে উপজেলার হেডম্যান পাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী–এর তত্ত্বাবধানে টাওয়ার স্থাপনের কাজ চলছিল।

কাজের দায়িত্বে থাকা মো. জামাল হোসেন জানান, তার মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি কল দিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। ঠিকাদার সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ চলছে জানালে হুমকিদাতা দাবি করে, ‘আমাদের সঙ্গে কথা না বলে এখানে কোনো কাজ করা যাবে না’- এ কথা বলে ফোন কেটে দেয়।

এরপর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কাজ পুনরায় শুরু করতে গেলে এক অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলে এসে শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলে। এ সময় সে হুমকি দিয়ে জানায়, ‘লাইন ক্লিয়ার’ না করে কাজ করলে রাতে নিখোঁজ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হুমকি দিয়ে ওই ব্যক্তি দ্রুত পাশের খাল পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ সময় সেখানে পাঁচজন বাঙালি শ্রমিক কর্মরত ছিলেন। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে টাওয়ার নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে জানা যায়।

সংশ্লিষ্টদের ধারণা, হুমকিদাতারা পার্বত্য অঞ্চলের কোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর সদস্য হতে পারে এবং এটি চাঁদাবাজির অংশ। উল্লেখ্য, এর আগেও প্রোটেকশন মানি আদায়ের অভিযোগে প্রায় ৪০টি টেলিযোগাযোগ টাওয়ার অচল করে দেওয়ার অভিযোগ রয়েছে ইউপিডিএফ-এর বিরুদ্ধে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।