খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (প্রসীত) এর তিন সক্রিয় চাঁদাবাজকে অস্ত্রসহ আটক করা হয়েছে। 
রোববার (২০ জুলাই) ভোর ৩টা ৩০ মিনিটে মাটিরাঙ্গা সেনা জোন সদর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডিপিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় বাসিন্দা মমপাই মারমার বাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মংসি মারমা (৪৬), পিতা হাসেই মারমা, গ্রাম সিন্দুকছড়ি, গুইমারা থানা, খাগড়াছড়ি জেলা; সুমেন চাকমা (১৯), পিতা শান্তি বিকাশ, গ্রাম ঘাসবন, খাগড়াছড়ি সদর এবং মমপাই মারমা (২৫), পিতা আতুশি মারমা, গ্রাম ডিপিপাড়া, মাটিরাঙ্গা।
তল্লাশি অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, একটি ছুরি, একটি রামদা, দুটি বাটন মোবাইল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, চাঁদা আদায়ের রশিদ, একটি পরিচয়পত্র (KDS গ্রুপের), ওয়াকিটকি সেটের একটি অ্যান্টেনা ও কাভার এবং চারটি দেশীয় মদের বোতল উদ্ধার করা হয়েছে।
সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইউপিডিএফ (প্রসীত) এর ছত্রছায়ায় পাহাড়ি জনগণের মাঝে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল। এই অপারেশন পার্বত্য এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

-পার্বত্য সময়