প্রশাসন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণ না করার জন্য পরামর্শ দিয়েছে। গতকাল (৬ অক্টোবর) বিকেলে তিন জেলার জেলা প্রশাসকরা ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশনা জারি করেছেন।
রাঙামাটি জেলা প্রশাসন থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, অনিবার্য কারণে পর্যটকদের ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। এর আগে সাজেক ভ্রমণে একই ধরনের পরামর্শ দেওয়া হয়েছিল। খাগড়াছড়ি ও বান্দরবানের জেলা প্রশাসন থেকেও একই ধরনের নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিন পার্বত্য জেলায় নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবরদান উৎসবও বাতিল করা হয়েছে। এর আগে, ২০২২ সালে নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতার কারণে বান্দরবানের কিছু এলাকায় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ঘটে যাওয়া সহিংসতার প্রভাবও এই নিষেধাজ্ঞার পেছনে একটি বড় কারণ।
পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নিষেধাজ্ঞার ফলে পর্যটন খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ পর্যটক সংখ্যা বাড়ছিল এবং ব্যবসায়িক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল।
-পার্বত্য সময়


