বান্দরবানের লামা উপজেলার পর্যটন কেন্দ্র মিরিঞ্জা ভ্যালির ‘ডেঞ্জার হিল’ রিসোর্টে এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে রিসোর্টটির ১২ নম্বর কটেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৭)। তিনি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা কালীগঞ্জ পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা এবং আবু তাহের ও আমেনা বেগমের ছেলে।
রিসোর্টের মালিক সাদ্দাম হোসেন জানান, আনোয়ার হোসেন ২১ জুলাই সকাল ১০টার দিকে রিসোর্টে ওঠেন এবং সেখানে দুদিন ধরে অবস্থান করছিলেন। বুধবার সকালে তার কটেজে নাস্তা পৌঁছে দিতে গেলে দরজা বন্ধ পান কর্মীরা। তারা পাশের ফাঁকা জায়গা দিয়ে উঁকি দিয়ে দেখেন, তিনি টয়লেটের দরজার ওপরের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় আছেন। এরপর তাৎক্ষণিকভাবে বিষয়টি ম্যানেজার ও পরে থানাকে জানানো হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কটেজের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। সেখানে টয়লেটের দরজার রেলিংয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে।”
পুলিশ জানায়, আনোয়ার হোসেনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
-পার্বত্য সময়


