বান্দরবান জেলা শহরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় জেলা পরিসংখ্যান দপ্তরের আউটসোর্সিংকৃত গাড়িচালক শাহাদাত হোসেন ওরফে সাজুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) ভোরে কক্সবাজারের চকরিয়ার খুটাখালী নতুনপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার।
পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সংলগ্ন প্রধান সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় পাহাড়িকা ফিলিং স্টেশনের মালিক ব্যবসায়ী নিখিল কান্তি দাশ বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। তার কাছ থেকে ২ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় নিখিল কান্তি দাশ থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ সুপার জানান, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্রের ভিত্তিতে শাহাদাতকে শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ২ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শাহাদাতের বাড়ি বান্দরবান শহরের ইসলামপুর এলাকায়। তবে তিনি দীর্ঘদিন ধরে চকরিয়ায় বসবাস করছিলেন।
দৈনিক আজাদীর খবরে বলা হয়- জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. শাহাজান জানান, শাহাদাত আউটসোর্সিংয়ের মাধ্যমে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে বেতন পাচ্ছেন না বলে জানিয়ে আসছিলেন। তবে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারের বিষয়টি তিনি অবগত নন বলে জানান।
-পার্বত্য সময়


