খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পূজা দেখে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এই ঘটনায় চার যুবক জড়িত, যারা সবাই ভুক্তভোগীর স্ব-জাতি ত্রিপুরা সম্প্রদায়ের।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭) নামের দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২) নামে অভিযুক্ত অপর দু'জন পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২০ অক্টোবর (সোমবার) রাতে ভুক্তভোগী কিশোরী তার এক আত্মীয়ের সাথে স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে পূজা দেখতে গিয়েছিল। পূজা শেষে ফেরার পথে অভিযুক্ত চার যুবক 'কথা আছে' বলে কিশোরীকে ডেকে নিয়ে যায়। পরে তারা তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়। অবশেষে বুধবার সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় লোকজন অভিযুক্ত দুজনকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক দু'জনকে থানায় আনা হয়েছে এবং পলাতক বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।