বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রূপসীপাড়া ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মো. সোলেইমানের ছেলে মো. ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সর্দারের ছেলে মো. রাব্বি (২১)।
ভুক্তভোগীর স্বামী জানান, রোববার দিবাগত রাতে তিনি বাগানের খামারে কাজ করছিলেন। সেই সময় অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তিনি বিষয়টি লামা থানায় অবহিত করেন।
অভিযুক্ত মো. রাব্বির মা সুরমা বেগম অবশ্য দাবি করেছেন, তার ছেলে নির্দোষ এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভিকটিমকে উদ্ধার করে থানায় আনার পর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

-পার্বত্য সময়