খাগড়াছড়ির রামগড় উপজেলায় পার্বত্য চট্টগ্রামে বিদেশিদের প্রবেশ–সংক্রান্ত সরকারি নীতি লঙ্ঘনের অভিযোগে দুই চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রামগড় পৌরসভার বাজার এলাকার একটি চারতলা ভবনের শীর্ষ তলা থেকে তাদের আটক করা হয়। ভবনটির মালিক স্থানীয় ব্যবসায়ী ইলিয়াছ হোসেন।
আটক ব্যক্তিরা চীনা পাসপোর্টধারী জিয়াং ছেংথং ও টেং তংগু। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ল্যাপটপসহ কয়েকটি প্রযুক্তিগত ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে, যা এখন তদন্তের আওতায় রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার চট্টগ্রামের কুমিরার অবর্না ক্ল্যাসিক নামের একটি অ্যালুমিনিয়াম কারখানার ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে তারা রামগড়ে যান। সেখানে কোনো বৈধ অনুমতিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে ইলিয়াছ হোসেনের ভবনটির একটি ফ্লোর ভাড়া নেন। বাড়িওয়ালাকে তারা জানান, সেখানে ইলেকট্রনিক পণ্যের গোডাউন স্থাপন করা হবে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, দুই বিদেশি নাগরিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখিত পার্বত্য চট্টগ্রামে প্রবেশের অনুমতি নীতিমালা লঙ্ঘন করেছেন। এ কারণে তাদের আটক করা হয়েছে। বিটিআরসির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পুলিশ তাদের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করছে। জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা–নিরীক্ষা করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, আটক চীনা নাগরিকরা প্রায় দেড় মাস আগে বাংলাদেশে প্রবেশ করেন এবং এর আগে চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থান করছিলেন। তবে পার্বত্য এলাকায় প্রবেশের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতি তারা নেননি, যা আইনগতভাবে বাধ্যতামূলক।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে তাদের অবস্থান, উদ্দেশ্য ও জব্দকৃত ডিভাইসগুলোর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।