রাঙামাটি শহরের চম্পকনগরে দুই বান্ধবীর একসঙ্গে কীটনাশক পান করার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অন্যজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মৃত তরুণীর নাম রিনা চাকমা (২০)। কী কারণে তারা এমন ঘটনা ঘটালেন, তা এখনো জানা যায়নি।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি শহরের চম্পকনগরে একটি ভাড়া বাসায় থাকতেন বরকল উপজেলার বগাছড়ি গ্রামের শান্তি বিকাশ চাকমার মেয়ে রিনা চাকমা। শুক্রবার সকালে চক্রপাড়া এলাকা থেকে তার বান্ধবী বৈশাখী চাকমা (২০) ওই বাসায় আসেন। রাতে তারা একসঙ্গে কীটনাশক পান করেন। পাশের কক্ষের ভাড়াটিয়াদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বাড়ির মালিক তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে রিনার অবস্থার অবনতি হলে শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর চৌধুরী বলেন, বৈশাখী চাকমার অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় শনিবার বিকেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন বৈশাখীর খালা নীহারিকা চাকমা জানান, শুক্রবার সকালে বৈশাখী একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে খবর পাই সে হাসপাতালে ভর্তি।

-পার্বত্য সময়