আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের নিয়োগ বাতিল কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলা থেকে সদস্য নিয়োগ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারীর জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে ওই ৪ উপজেলার জনগণের পক্ষে এক দল লোক অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। বক্তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার প্রতি স্বজনপ্রীতির অভিযোগ করেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙামাটি জজ আদালতের অ্যাডভোকেট রাজিব চাকমা। বক্তব্য রাখেন রাজস্থলী অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, সত্য বিকাশ তঞ্চঙ্গ্যা, উথান মারমা, মোঃ জসিম উদ্দিন, ললিত চন্দ্র চাকমা, এমদাদ হোসেন, পুলিন বিহারী চাকমা ও রনজিত তঞ্চঙ্গ্যা।
বক্তারা বলেন, রাঙামাটি জেলার ১০ উপজেলার মধ্যে শুধুমাত্র ৬ উপজেলা থেকে ১৫ জন প্রতিনিধি নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে ৯ জনই সদর উপজেলার। যাদের ৫ জনই মহিলা। হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নানিয়ারচর উপজেলা থেকে প্রণতি রঞ্জন খীসাসহ ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের লোকজন ও জনবিচ্ছিন্ন লোকজন দিয়ে অন্তর্বর্তীকালীন এই জেলা পরিষদ গঠন করা হয়েছে।
এছাড়াও জেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল চারটি উপজেলা বাদ দিয়ে এই পরিষদ গঠন করা হয়। যাদেরকে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে ২-১জন ছাড়া সবাই জনবিচ্ছিন্ন ও অযোগ্য। পার্বত্য উপদেষ্টার নিকটতম আত্বীয়স্বজন দিয়ে সাজানো হয়েছে জেলা পরিষদ। একই পরিবার থেকে দু’জনকে দেওয়া হয়েছে সদস্য পদ। হত্যা মামলার আসামী প্রনতি রঞ্জন খীসা জেলা পরিষদ সদস্য পদ পেয়েছেন।
কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার কোন প্রতিনিধি না রেখে চরম বৈষম্যমুলক আচরন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রেওয়াজ বর্হিভুতভাবে নিয়োগ প্রদান করে স্বজনপ্রীতি ও ফ্যাসিস্ট মানসিকতাকে প্রতিষ্ঠিত করেছেন।
বক্তারা বলেছেন এ ধরনের বিতর্কিত ও ফ্যাসিস্ট সরকারের দোসরদের দিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পুনর্গঠিত পরিষদকে জনগণ প্রত্যাখান করেছে। আমরা জেলার প্রতিটি উপজেলা থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠনের জোর দাবী জানাচ্ছি।
এই নিয়োগকে স্বজনপ্রীতি, বৈষম্যমূলক এবং এর জন্য পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে দায়ী করা হয়েছে।
রাঙামাটি জেলা জজ আদালতের অ্যাডভোকেট রাজিব চাকমা বলেন -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রাঙামাটি সদর উপজেলা হতে ৯ জন সদসকে রেওয়াজ বহির্ভূতভাবে নিয়োগ প্রদান করে স্বজনপ্রীতি ও ফ্যাসিস্ট মানসিকতাকে প্রতিষ্ঠিত করেছেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে এলাকাবাসীর অর্জিত আইনগত অধিকার হরন করেছেন।
-পার্বত্য সময়


