রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য সরানোর দাবিতে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী ও স্থানীয় জনতা। মঙ্গলবার (১৪ মে) 'ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা' ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে জেলা পরিষদকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। তাদের দাবি, এই সময়ের মধ্যে ভাস্কর্যটি না সরানো হলে শুক্রবার জুমার নামাজের পর তারা নিজেরাই এটি ভেঙে ফেলবেন।
বিক্ষোভকারীরা সকাল ১১টার দিকে শহরের বনরূপা পেট্রোল পাম্প থেকে একটি মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক ঘুরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন এবং মূল ফটক বন্ধ করে রাখেন।
সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যটি সরানোর পক্ষে নানা বক্তব্য দেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের রাঙামাটি জেলা সভাপতি শহিদুল ইসলাম শাফি। এ ছাড়া আরও অনেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে চেয়ারম্যান জানান, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠাবেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করবেন। এরপর বিক্ষোভকারীরা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
এই ঘটনা নিয়ে রাঙামাটিতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ভাস্কর্য অপসারণের দাবিকে সমর্থন করছেন, আবার অনেকেই একে উস্কানিমূলক ও সহনশীল রাজনীতির পরিপন্থী বলে মনে করছেন।
-পার্বত্য সময়


