বাংলাদেশের শক্তি নিহিত রয়েছে তার বৈচিত্র্যের মাঝে ঐক্যে- এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশ একটি অপরূপ বৈচিত্র্যের দেশ। জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যই এ দেশের সবচেয়ে বড় শক্তি।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার একটি শান্তিকামী, সত্যনিষ্ঠ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে চান। আমরা এমন একটি দেশ গড়ার স্বপ্ন দেখছি, যেখানে ধর্মনিরপেক্ষতা, জনগণের পারস্পরিক সুসম্পর্ক এবং সামাজিক সংহতি বজায় থাকবে।

একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরিই সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে পার্বত্য উপদেষ্টা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সরস্বতী পূজা উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই দেশ আমাদের সবার। কেউ এককভাবে বা নিজের খেয়ালখুশি মতো দেশের ক্ষতি করতে পারবে না।

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে সুপ্রদীপ চাকমা বলেন, বাংলাদেশসহ ভারত ও নেপালসহ পুরো অঞ্চলই ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম. খালিদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এবং নেপালি দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর দাওয়া ছেরিং উপস্থিত ছিলেন।