পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, তিন পার্বত্য জেলার জনগোষ্ঠীকে আগে পিছিয়ে রাখা হলেও অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই পিছিয়ে রাখবে না। যারা সব জায়গায় অংশগ্রহণ করার সুযোগ পান না, সেই সব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমি কাজ করে যাব। আমরা বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে চাই। অন্তর্বর্তীকালীন এ সরকার সকল বৈষম্য গুঁড়িয়ে দিয়ে ঐক্যবদ্ধতায় বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রাম গড়তে চাই বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
সোমবার রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে বান্দরবান পার্বত্য জেলার সরকারি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ও অবসরপ্রাপ্ত সুধীজন, ছাত্র-শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে এলে এসব কথা বলেন সুপ্রদীপ চাকমা।
উপদেষ্টা আরও বলেন, পাংখোয়া, মার্মা, খুমী, খেয়াং, বম, চাক, ম্রো, তঞ্চংগা, লুসাই, ত্রিপুরা, চাকমা সব সম্প্রদায়ের মধ্য থেকে গুরুত্ব বিবেচনা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পিছিয়ে রাখা হবে না।
উপদেষ্টা জোর দিয়ে বলেন, পার্বত্য অঞ্চলে কোনো প্রকার দুর্নীতির প্রশ্রয় দেয়া হবে না। সব জায়গাতেই সংস্কার করা হবে। পার্বত্য এলাকায় খেলাধুলার আগ্রহকে বাড়ানোর জন্য সেখানে ফুটবলের মাঠ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
সুপ্রদীপ চাকমা বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা দেশ বিদেশের কূটনীতিকদের কাছে একটি মডেল বাংলাদেশ পুনর্নির্মাণে সহযোগিতা ও সমর্থন চেয়েছেন। আমরা সে লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করব।
পার্বত্য উপদেষ্টা আহ্বান করে বলেন, সবাইকে আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হতে। আমাদের ভয় নেই, আমাদের পাশে বীর ছাত্র-জনতা রয়েছে। আমি ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধা ও সম্ভ্র্রম হারা মা-বোনসহ ২০২৪ সালের আগস্ট মাসে স্বৈরাচারি সরকার পতনে শহীদ হওয়া সেই সব বীর ছাত্র এবং নিরীহ মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, ইউএনডিপির কর্মকর্তা এএ মং, রুমা উপজেলার- লেলুং খুশী, থানচির ছাত্র প্রতিনিধি- উকিংওয়ং মার্মা, লামার মাং ইয়ং ম্রো, চাক এর প্রতিনিধি অংজাইঐ, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য খুই সিং প্রু লুবু, বান্দরবান সদরের সুকান্ত ত্রিপুরা, রাজুময় তঞ্চংগা, উমংসিং খেয়াং, জেনী বম, লাল জারলম বম, বরেন বম, উখিংনু চাক, থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান ক্যহলাচিং মার্মা, রোয়াংছড়ি উপজেলার নুএসিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
অলোচনার একপর্যায়ে সবাই যার যার অবস্থান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন তিনি।
-পার্বত্য সময়

