খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার অন্তর্গত ধুদুকছড়া থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে দুই গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে জনসংহতি সমিতি- জেএসএস।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ৭.৩০ টায় এ অপহরণের ঘটনাটি ঘটে বলে জেএসএস এর মুখপাত্রে জানানো হয়েছে।
অপহরণের শিকার দুই গ্রামবাসী হল- নয়নজ্যোতি চাকমা (৪৩), পিতা- কৃষ্ণ মোহন চাকমা, গ্রাম-  উত্তর ধুদুকছড়া ও সাগর চাকমা (৪৫), পিতা- জীবন কৃষ্ণ চাকমা, গ্রাম- দক্ষিণ ধুদুকছড়া।
জেএসএস'র ওই মুখপাত্রে স্থানীয়দের উদ্ধৃতি করে জানানো হয়, ওইদিন সকাল ৭.৩০ টায় নিকোলাস চাকমা, পবিত্র চাকমা, সুজয় চাকমা, রবি চাকমা, আপন চাকমার নেতৃত্বে ২০-৩০ জন ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী দুদুকছড়া গ্রামে প্রবেশ করে দুই গ্রামবাসীকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।
এছাড়া, ২০/৩০ জন গ্রামবাসী থেকে জোরপূর্বক মোবাইল ছিনতাই করে নিয়ে যায় এবং হুমকি দেয়।
জেএসএস'র দাবি, অপহরণের শিকার গ্রামবাসীদের ধুদুকছড়া ভারতবর্ষ পাড়ায় ইউপিডিএফ এর আস্তানায় রাখা হয়েছে বলে একটি বিশেষ সূত্রে জানা যায়।
এ বিষয়ে ইউপিডিএফ'র সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

-পার্বত্য সময়