রাঙামাটিতে স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে এক নারী শিক্ষিকাকে তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর করা হয়েছে। এমনই অভিযোগ উঠেছে ইউপিডিএফ (প্রসিত) সমর্থিত এক দল সন্ত্রাসীদের বিরুদ্ধে।
গত ২৫ ডিসেম্বর ওই শিক্ষিকাকে তুলে নেওয়া হয় বলে জানা যায়। ভুক্তভোগী ওই শিক্ষিকার নাম জোনাকি চাকমা। তিনি রাঙামাটির বাঘাইছড়ির ‘সাজেক ঊলুছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর সহকারী শিক্ষিকা।
ভয়াবহ নির্যাতনের কিছু চিত্র পাওয়া গেছে। তাতে ইউপিডিএফ কর্তৃক ভয়ংকর নারী নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। ঘটনাটির সঙ্গে ইউপিডিএফ এর বাঘাইছড়ি সাজেক ইউনিট সরাসরি জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজাতিরা।
নির্যাতনের ১৭ দিন অতিবাহিত হলেও এখনো নির্যাতিত পাহাড়ি শিক্ষিকার শরীরের ক্ষতবিক্ষত আঘাত ভালো হয়নি। এতদিন ধরে ইউপিডিএফ ও সমাজপতিদের ভয়ে চিকিৎসা নিতে পারেনি। বর্তমানে পালিয়ে খাগড়াছড়ি দীঘিনালা গিয়ে চিকিৎসা নিচ্ছে বলে দাবি করেছে সূত্র। তবে তার সুচিকিৎসা নিশ্চিত না হওয়ার কারণে অবস্থার অবনতি হচ্ছে।
ইউপিডিএফ এর ভয়ে স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় জনসাধারণ কোনোপ্রকার পদক্ষেপ নিতে পারেনি। তবে এমন ঘটনায় নারীবাদী, সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীদের নিশ্চুপ থাকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয়দের অনেকে।
-পার্বত্য সময়


