খাগড়াছড়ির দীঘিনালার নাড়াইছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র ইউনিটের নেতৃত্বে ছিলেন গ্রুপ কমান্ডার পবিত্র চাকমা। অপরদিকে, জেএসএস (সন্তু) গ্রুপের নেতৃত্ব দেন তাদের সশস্ত্র কমান্ডার চীনু মারমা। দুই পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট ধরে গুলিবিনিময় হয় বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ এসব গ্রুপের অস্ত্রের ঝনঝনানি এলাকায় ভীতি ও অস্থিরতা বাড়িয়ে তুলছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
এদিকে সেনাবাহিনী ও পুলিশের টহল বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

-পার্বত্য সময়