খাগড়াছড়িতে অবরোধের নামে সাধারণ জনগণ ও সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় ইউপিডিএফকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, মাইকেল চাকমা ও চাকমা রানী ইয়ান ইয়ানের প্রত্যক্ষ মদদে পাহাড়ের পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠছে।

তারা বলেন, মূল অপরাধীদের বিচারের পরিবর্তে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে, যা সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি তৈরি করছে। নেতারা সতর্ক করে বলেন, আইনানুগ ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

এর আগে, শনিবার বিকেলে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ইউপিডিএফ নিষিদ্ধ ও চাকমা রানী ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট’-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি তোলা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ধর্ষণ ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে ইউপিডিএফ ও ইয়ান ইয়ান চক্র সেনাবাহিনীর ওপর হামলা, সাম্প্রদায়িক দাঙ্গা উসকানি এবং রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে পাহাড় অস্থিতিশীল করছে। এর পেছনে ভারতের মদদ ও আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থও জড়িত রয়েছে বলে অভিযোগ করেন তারা।

এ সময় বক্তারা সরকারের নীরবতার তীব্র সমালোচনা করে দ্রুত ইউপিডিএফ নিষিদ্ধ ও ইয়ান ইয়ানকে গ্রেফতারের আহ্বান জানান। পাশাপাশি পাহাড়ের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে চিরুনি অভিযান চালানোরও দাবি করেন শিক্ষার্থীরা।