খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পাহাড়ি মেয়ে ও বাঙালি ছেলের বিয়েকে কেন্দ্র করে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) ঘোষিত মাইসছড়ি বাজার বয়কট কর্মসূচি উপেক্ষা করে সাপ্তাহিক বাজারে পাহাড়ি জনগোষ্ঠীর লোকজনের উপস্থিতির খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি মেয়ে ও বাঙালি ছেলের বিয়ের ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত) শুক্রবার (১৪ আগস্ট) মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বয়কটের ঘোষণা দেয়। সংগঠনটির ঘোষণার পরদিন, শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত সাপ্তাহিক মাইসছড়ি বাজারে পাহাড়ি জনগোষ্ঠীর লোকজন স্বতঃস্ফূর্তভাবে কেনাবেচা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের জন্য বাজারে আসেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইউপিডিএফের বাজার বয়কটের ঘোষণার পরও পাহাড়ি জনগোষ্ঠীর বাজারে উপস্থিতি এলাকায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, বাজার বয়কটের ঘোষণা অমান্য করে পাহাড়ি জনগোষ্ঠীর লোকজন বাজারে আসায় ইউপিডিএফ (প্রসীত) তাদের ভয়ভীতি প্রদর্শন, মারধর কিংবা অপহরণের মতো ঘটনা ঘটাতে পারে। তবে এসব আশঙ্কার বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ঘটনা ঘটেছে বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, পাহাড়ি জনগোষ্ঠীর বাজারে স্বাভাবিকভাবে আসা-যাওয়া এবং নিরাপদে কেনাবেচা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।