রাঙামাটির কাউখালী উপজেলায় নারী সমাবেশে অংশ নিয়ে ফেরার পথে ইউল্যাবের এক শিক্ষকসহ তিনজনের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (১৭ জুন) কাউখালী বাজার বর্জনের ডাক দিয়েছে ইউপিডিএফের সহযোগী চার সংগঠন।
শনিবার (১৫ জুন) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয় হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জুন কল্পনা চাকমা অপহরণ দিবস উপলক্ষে হিল উইমেন্স ফেডারেশন কাউখালীতে একটি নারী সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে বক্তব্য দেন ইউল্যাবের শিক্ষক অলিউর সান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি নূজিয়া হাসিন রাশা এবং অধিকারকর্মী মারজিয়া প্রভা। সমাবেশ শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার সময় ফেরার পথে অজ্ঞাত হামলাকারীরা তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (১৪ জুন) বিকালে ইউপিডিএফের সহযোগী সংগঠনগুলো কাউখালীর ডাবুয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সেখান থেকেই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে সোমবার কাউখালী বাজার বর্জনের ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
-পার্বত্য সময়


