রাঙামাটিতে শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভাকে “লোকদেখানো, ভাওতাবাজিমূলক এবং জনগণকে চুক্তি বাস্তবায়নের মিথ্যা আশ্বাসে ভুলিয়ে রাখার শাসকগোষ্ঠীর পুরনো কৌশল” হিসেবে আখ্যায়িত করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
রোববার (২০ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফের সহসভাপতি নূতন কুমার চাকমা এই মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে আশঙ্কাজনক হারে পাহাড়ি নারী ধর্ষণের ঘটনা, বিনা বিচারে আটক অবস্থায় বম জনগোষ্ঠীর তিন ব্যক্তির হেফাজতে মৃত্যু, সাজেকে কলেজ নির্মাণে বাধা, পাহাড়িদের ব্যবসা-বাণিজ্যে অবর্ণনীয় হয়রানি ও প্রশাসনিক প্রতিবন্ধকতা- এসব গুরুতর ইস্যু থেকে দৃষ্টি ঘোরাতেই এই তথাকথিত বাস্তবায়ন কমিটির সভা আয়োজন করা হয়েছে।
ইউপিডিএফ নেতা আরও বলেন, ড. ইউনূস সরকারের উচিত জনগণের সঙ্গে প্রতারণা ও চাতুরীর রাজনীতি পরিহার করে পার্বত্যবাসীর প্রকৃত ও ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
নূতন কুমার চাকমা দাবি করেন, গত ২৭ বছরে পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা অনেক পাল্টেছে। ১৯৯৭ সালের চুক্তিকে তিনি ‘অসম্পূর্ণ’ আখ্যা দিয়ে বলেন, “এই চুক্তিতে পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ জনগোষ্ঠীর মৌলিক আশা-আকাঙ্ক্ষা উপেক্ষিত। তাই এমন অসম্পূর্ণ চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলেও পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”
তিনি জনগণকে পার্বত্য চুক্তির “প্রতারণামূলক বাস্তবায়নের বুলি” দিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “প্রকৃত অধিকার আদায়ে সচেতন, ঐক্যবদ্ধ ও আপসহীন সংগ্রামই পারে পার্বত্য চট্টগ্রামের জনগণকে মুক্তির পথ দেখাতে।”

-পার্বত্য সময়