রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিফের (প্রসীত) দলের এক ক্যাম্প পরিচালক ও চাঁদা কালেক্টারকে বিদেশি পিস্তল, গুলি ও ওয়াকিটকিসহ আটক করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে নানিয়ারচর সেনা জোনের একটি টহল দল তাকে আটক করে।
জানা গেছে, উপজেলার আরএমকে সড়কের বগাছড়ি পাড়া এলাকায় মোটরসাইকেল তল্লাশির সময় ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র সদস্য ও ক্যাম্প পরিচালক ভাগ্যময় চাকমা ওরফে কর্ম চাকমাকে (৩৮) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি, দুটি চাঁদা রশিদ বই, দুটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ভাগ্যময় চাকমার মোটরসাইকেল চালক লেলিন চাকমাকেও (২৬) আটক করা হয়। লেলিন নানিয়ারচর উপজেলার জৈব মহাজন পাড়ার রণজিত চাকমার ছেলে।
সূত্র জানায়, আটক ভাগ্যময় চাকমা নানিয়ারচর উপজেলার ১৮ মাইল এলাকার একটি ইউপিডিএফ (প্রসীত) ক্যাম্প পরিচালনা করতেন। শনিবার দুপুরে তিনি ওই ক্যাম্প থেকে ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে সেনা টহল দল মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে।
আটক ভাগ্যময় চাকমা উপজেলার সুরিদাস পাড়ার মৃত সাধন চন্দ্র চাকমার ছেলে।
আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সূত্র।
পার্বত্য সময়


