উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় প্রদীপ প্রজ্বলন করেছে ইউপিডিএফ (প্রসীত)-এর অঙ্গ সংগঠনসমূহ।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত রাঙামাটির কাউখালী সরকারি ডিগ্রি কলেজের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন কাউখালী উপজেলা শাখা।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন হিল উইমেন্স ফেডারেশন কাউখালী উপজেলা শাখার সভাপতি রত্না চাকমা। উপস্থিত ছিলেন সংগঠনের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপনা চাকমা, পিসিপি কাউখালী উপজেলা সভাপতি জিপল চাকমা, সাধারণ সম্পাদক রনেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের প্রচার সম্পাদক উমেচিং মারমা এবং পিসিপির দপ্তর সম্পাদক সুজেচ চাকমাসহ ইউপিডিএফ (প্রসীত) ঘনিষ্ঠ সংগঠনের ৫০-৬০ জন নেতাকর্মী।
প্রদীপ প্রজ্বলন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা ব্যয়ের দাবি জানান।
তারা অভিযোগ করেন, নিহতদের প্রকৃত সংখ্যা সরকার গোপন করছে। পাশাপাশি জনবহুল এলাকায় এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে দক্ষ কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান বক্তারা।
-পার্বত্য সময়


