পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (প্রসীত) এর সহকারী কালেক্টর রিপন ত্রিপুরা (১৯) কে আটক করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা সেনা জোনের একটি বিশেষ টহলদল মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযানের সময় রিপন ত্রিপুরার কাছ থেকে একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন, চাঁদাবাজির রশিদ বই এবং নগদ টাকা উদ্ধার করা হয়। সেনাবাহিনীর অভিযোগ- আটক রিপন ওই এলাকায় চাঁদা সংগ্রহসহ ইউপিডিএফের নাশকতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিল।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার সামগ্রীসহ তাকে বিকেল সাড়ে তিনটার দিকে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে- পার্বত্য এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


