খাগড়াছড়ির রামগড় উপজেলায় স্থানীয় জনগণের হাতে ইউপিডিএফ (প্রসীত)–এর এক কালেক্টর আটক হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার লালছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি সুপায়ন মারমা (৫০)। তিনি লক্ষ্মীছড়ি উপজেলার মরমছড়ি গ্রামের বাসিন্দা এবং মৃত রেদাচাই মারমার ছেলে। তিনি ইউপিডিএফের চাঁদা আদায়কারী বা কালেক্টর হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, লালছড়ি এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টের ঠিকাদারের কাছ থেকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে ওই ব্যক্তি সেখানে যান। এ সময় স্থানীয় জনগণ তাকে আটক করে।
আটকের সময় সুপায়ন মারমার কাছ থেকে একটি চাঁদার খাতা, নগদ ৩ হাজার ৩৫৭ টাকা, দুটি মোবাইল ফোন এবং একটি ছুরি উদ্ধার করা হয়।
জানা যায়, খবর পেয়ে রামগড় জোনের অধীন ৪৩ বিজিবির খাগড়াবিল সিআইও ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে খাগড়াবিল সিআইও ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।


