রাঙামাটির কাউখালী উপজেলার পানছড়িতে ইউপিডিএফ (প্রসিত)-এর প্রধান চাঁদা সংগ্রহকারী অর্কিড চাকমাকে আটক করতে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৭ মার্চ) পরিচালিত এই অভিযানে অর্কিড চাকমাকে আটক করা সম্ভব হয়নি, তবে তার আস্তানা থেকে বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে গোলাবারুদ (পিস্তল/এয়ারগান), একটি বাইনোকুলার, সেনাবাহিনীর পোশাক, টোল আদায়ের টোকেন, একটি ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম।

অভিযানের পর স্থানীয় উপজাতি নারী-পুরুষ ক্যাম্পের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও কাউখালী থানা পুলিশ সতর্ক অবস্থান নেয় এবং উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালায়।

স্থানীয় সূত্র জানায়, অর্কিড চাকমা দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এবং বড় ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ চাঁদা আদায়ের সঙ্গে যুক্ত। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনি পালিয়ে যান।

অভিযানের বিষয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানান, “আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালাই। অর্কিড চাকমাকে আটক করতে না পারলেও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছি, যা তার চাঁদাবাজি ও অন্যান্য অপতৎপরতার প্রমাণ দেয়।”

এদিকে, নারীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করাকে ইউপিডিএফের পুরনো কৌশল, বলছেন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই ধরনের কৌশলের ফলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা আরও কঠিন হয়ে পড়ে।

নিরাপত্তা বাহিনীর অভিযানের পর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।