ইউপিডিএফ (প্রসীত) এর গিরিফুল এলাকার চাঁদা কালেক্টর হিসেবে পরিচিত স্বপন চাকমা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তার জামিনের আদেশ জেলা কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।
তবে আদালতে দায়েরকৃত একটি পূর্ববর্তী স্টে অর্ডার নিষ্পন্ন না হওয়ায় তাকে তাৎক্ষণিক মুক্তি দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বপন চাকমা (৪৩), পিতা সন্তোষ বিকাশ চাকমা, সাতভাইয়া পাড়া, খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা। ২০২২ সালের ৯ মার্চ সেনা নিরাপত্তা জোনের সদস্যরা গিরিফুল মধুর দোকান সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ) ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঘটনার পরদিন সদর থানায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। বিচারাধীন থাকার পর তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।
সংশ্লিষ্ট আদালতের সিদ্ধান্ত অনুযায়ী স্টে অর্ডার নিষ্পত্তির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

-পার্বত্য সময়