চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ চুরি ও সংযোগ বিচ্ছিন্ন করে ক্ষান্ত হয়নি প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সন্ত্রাসীরা। এবার খাগড়াছড়ি জেলার গুইমারা বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার লাইন  কেটে দেওয়ায় খাগড়াছড়ি জেলার সব নেটওয়ার্ক বন্ধ করে দেয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৩টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত মোবাইলের নেটওয়ার্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন থাকে।
নেটওয়ার্ক বন্ধ থাকায় গুইমারা, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি এবং রামগড় উপজেলার বাসিন্দারা মোবাইল যোগাযোগে বিপাকে পড়েন। বিটিসিএল এর টিম দ্রুত নেটওয়ার্ক সচল করার কাজ করছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই এলাকাগুলোর নেটওয়ার্ক পুনরায় চালু হয়নি।
এছাড়াও রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়া অপটিক্যাল ফাইবার লাইনও সাপছড়ি এলাকায় কেটে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা মোটা অংকের চাঁদার টাকা দাবি করছিল। চাঁদা পরিশোধ না করলে আবারও লাইন কেটে দেওয়ার হুমকি দিয়েছে তারা।

-পার্বত্য সময়