খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের এক কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
রোববার (২১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা। নিহত খুকু চাকমা (৪১) খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের খ্রীষ্টান পাড়ার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেলে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা খুকু চাকমার ওপর হামলা চালায়। পিকলু চাকমার নেতৃত্বে প্রায় ২০ জনের একটি দল তাকে প্রথমে গুলি করে আহত করে, পরে ধরে নিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, "আত্মস্বীকৃত গডফাদার জেএসএস সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার প্রত্যক্ষ মদদেই এই হত্যাকাণ্ড ঘটেছে।"
তিনি আরও বলেন, "আঞ্চলিক পরিষদে দীর্ঘদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় থেকে পাহাড়ের রাজনীতিকে জিম্মি করে রেখেছে জেএসএস। পাহাড়ি জনগণের ন্যায্য আন্দোলনকে বিভ্রান্ত ও দুর্বল করতে এ ধরনের ভ্রাতৃঘাতী সহিংসতা চালিয়ে যাচ্ছে তারা।"
এর আগে, রোববার দুপুরে পানছড়ির লোগাং ইউনিয়নের বাবুরা পাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, গত শুক্রবার রাতে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। কয়েকশ রাউন্ড গুলি বিনিময়ের খবর পাওয়া গেলেও উভয় পক্ষই হতাহতের তথ্য অস্বীকার করেছে।
-পার্বত্য সময়


