খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট - ইউপিডিএফ (প্রসীত/মূল) এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন আহত হন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, “সকালে দুই পক্ষের পৃথক কর্মসূচি চলাকালীন হঠাৎ সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
এ ঘটনায় ইউপিডিএফ (প্রসীত/মূল) এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) একে অপরকে দায়ী করেছে। দুপুরে দেওয়া এক বিবৃতিতে ইউপিডিএফ (প্রসীত/মূল)-এর জেলা সংগঠক ও মুখপাত্র অংগ্য মারমা বলেন, “ফ্যাসিস্ট হাসিনা পতন দিবস উপলক্ষে ইউপিডিএফ চেঙ্গী স্কয়ারে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে গেলে আগে থেকেই অবস্থান নেওয়া সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।” তিনি জানান, গুলিতে পূর্ণমুখী চাকমা (৫৩), পেরাছড়া এলাকার বাসিন্দা, আহত হন।
অন্যদিকে, ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা অমর জ্যোতি চাকমা দাবি করেন, “আমাদের পূর্বঘোষিত কর্মসূচি চলাকালীন সময়ে ইউপিডিএফের কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়, পরে পাল্টাপাল্টি ধাওয়া হয়।”
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা এবং পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান।
সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে হলেও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
-পার্বত্য সময়


