চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারে চালানো যৌথ অভিযানে ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসী গোষ্ঠীর একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সোমবার (২১ এপ্রিল) ভোরে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার কারবারিপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
নিরাপত্তা সূত্রে জানা গেছে, গোপন আস্তানায় অপহৃতদের পাওয়া না গেলেও সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে রয়েছে ইউপিডিএফ ইউনিফর্ম, প্রচার ও প্রশিক্ষণপত্র, গুলি, বুট-পোষাক, ওয়্যারলেস যোগাযোগের সরঞ্জাম এবং গোপন নথিপত্র।
এছাড়া কিছু চিঠিপত্র, মানচিত্র ও পাহাড়ি এলাকার সশস্ত্র সংগঠনগুলোর চলাচলের ছক পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে- অঞ্চলটিতে নতুন করে অপহরণ ও সন্ত্রাসী তৎপরতা চালানোর প্রস্তুতি নিচ্ছিল ইউপিডিএফ।
নিরাপত্তা বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই গোপন ঘাঁটি ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ, অস্ত্র গুদাম ও অপারেশন পরিকল্পনার কাজ চলছিল। অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা আগে থেকেই গা-ঢাকা দেয় বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বিজু উৎসব শেষে ফেরার পথে পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে অপহরণ করে অজ্ঞাত অস্ত্রধারীরা। এ ঘটনায় পাহাড়জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামে একাধিক প্রতিবাদ-বিক্ষোভ হয়।
সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, বিজিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে দফায় দফায় পাহাড়ের দুর্গম এলাকায় অভিযান চলছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং শিগগিরই অপহৃতদের সন্ধান ও অপহরণকারীদের গ্রেপ্তারে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
-পার্বত্য সময়


