খাগড়াছড়ির পানছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির নামে বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়েছে। এসব পোস্টারে জনসংহতি সমিতির (জেএসএস) বিরুদ্ধে নানারকম উস্কানিমূলক বক্তব্য ছড়ানো হয়। জেএসএস নেতার দাবি এগুলো ইউপিডিএফ (প্রসিত) এর চক্রান্ত।
শনিবার (২৩ নভেম্বর) পানছড়ির বিভিন্ন স্থানে এসব পোস্টারিং করা হয়। পানছড়ি উপজেলার লোগাং, আমতলী, মনিপুর, তারাবন পুজগাং বাজার, ত্রিপুরাবিল বাজার, বরহনা, তালতলা, লতিবান, শুকনাছড়ি, মরাটিলাসহ বিভিন্ন লোক সমাগম স্থান ও দোকানপাটে পোস্টার সাঁটানো হয়েছে।
পোস্টারগুলোতে “আঞ্চলিক পরিষদের গদির বিনিময়ে জাতি ধ্বংসলীলা বরদাস্ত করি না", "আন্দোলনের সাহসী ঠিকানা পানছড়িতে সংঘাত চাই না," "জাতিধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ঐক্য বিরোধীদের রেহাই নেই”, মুখোশ-সন্তু ভাই ভাই, এক রশিতে ফাঁসি চাই" ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে। এছাড়াও এসব পোস্টারে সন্তু লারমার অনুসারীদের হুমকি দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেএসএস'র এক প্রবীণ নেতা বলেন, এসব প্রসিতের দলের (ইউপিডিএফ) চক্রান্ত। ওদেরই লোকজন অন্য নাম দিয়ে এসব প্রচারণা চালাচ্ছে। পাহাড়ের রাজনীতিতে ব্যাকফুটে হয়ে যাওয়ায় নিজেদেরকে আলোচনায় আনতে চায়।
তিনি বলেন, তবে এসব উস্কানির জবাব জেএসএস'র কাছে আছে। সময় মতোই তারা দিতে চান বলে তিনি দাবি করেন
তবে এ পোস্টারিং নিয়ে একটি নিবন্ধও প্রকাশিত হয়ে ইউপিডিএফ এর মুখপাত্রে। সেখানে দাবি করা হয়, খাগড়াছড়ির পানছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাতের বিরুদ্ধে বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়েছে।
-পার্বত্য সময়


