খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং এলাকায় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়। বুধবার (৬ আগস্ট) বিকেলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট -ইউপিডিএফ (প্রসীত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি - জেএসএস (সন্তু) এর দুই সশস্ত্র গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা দ্রুত সশস্ত্র সংঘর্ষে রূপ নেয়। গোলাগুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি থামেনি, স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, তিনি ইউপিডিএফের সক্রিয় কর্মী ছিলেন বলে স্থানীয়রা দাবি করেছেন।
বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে- এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গোলাগুলির খবর তারা পেয়েছেন, তবে এখন পর্যন্ত নিহত বা আহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য তাদের কাছে নেই।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পার্বত্য অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে এসব বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। স্থানীয়দের মতে, সেনা ক্যাম্প প্রত্যাহার এবং প্রশাসনিক শিথিলতার কারণে এসব সংঘর্ষ আরও বাড়ছে।
-পার্বত্য সময়


