খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ফের মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে পাহাড়ের দুই আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের সশস্ত্র গ্রুপ। সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে উপজেলার লোগাং ইউনিয়নের জোড়াসিন্দু কারবারি পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফ (প্রসীত) এর গ্রুপ কমান্ডার সুস্মিত ত্রিপুরার নেতৃত্বে প্রায় ৩০-৩৫ জন সশস্ত্র সদস্য এবং জেএসএস (সন্তু) গ্রুপের কমান্ডার ভাগ্যমনি চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জন সদস্য পরস্পরের মুখোমুখি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গুলি বিনিময় শুরু হয়। প্রায় ৭০-৮০ রাউন্ড গুলি ছোঁড়া হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার ও চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত) এবং জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রায়ই এ দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে, এতে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন।
পানছড়ি থানার এক কর্মকর্তা বলেন, খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে পানছড়ির তারাবনছড়া এলাকায়ও এই দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। সূত্র জানায়, এসময় তাদের মধ্যে অন্তত ৮০ থেকে ১০০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

-পার্বত্য সময়