খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রসিত পন্থী ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের মধ্যে সংঘটিত গোলাগুলিতে রুপসী  চাকমা (৪৫) নামে এক নিরীহ গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় বন্দনা চাকমা (২৪) নামে আরও একজন আহত হয়েছেন। 
সোমবার (৩ মার্চ) পানছড়ির দুদুকছড়া হাতিমারা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রুপসী চাকমা হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী। 
স্থানীয়দের দাবি, সোমবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ চলে। গোলাগুলির একপর্যায়ে রুপসী চাকমা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দুর্গম এলাকা হওয়ায় এখনো সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছাতে পারেনি।
ইউপিডিএফ-এর জেলা সংগঠক অংগ্য মারমা সংবাদ মাধ্যমকে জানান, ‘ইউপিডিএফ কর্মীদের লক্ষ্য করে জেএসএস-এর সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গেছে। এতে একজন সাধারণ গৃহবধূ মারা গেছে বলে শুনেছি।’
তবে খাগড়াছড়িতে জেএসএসের কোনো নেতা প্রকাশ্যে না থাকায় সংগঠনটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, নিহত রুপসী চাকমার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে, তার শরীরে রক্তের দাগ স্পষ্ট।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানিয়েছেন, উত্তর দুদুকছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। সংঘর্ষে দলগুলোর কোনো সদস্য হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে একজন গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্গম এলাকা হওয়ায় এখনো সেখানে যাওয়া সম্ভব হয়নি।

-পার্বত্য সময়